ওঙ্কার ডেস্ক: একাধিক ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাজস্থানের পাচপাদ্রার বাসিন্দা বরকত খান। কিন্তু জেল থেকে কোনও রকমে পালিয়ে যান তিনি। কারাগার থেকে পালিয়ে আবার ডাকাতিতে জড়ালেন ৬৮ বছর বয়সী ওই ব্যক্তি। ইতিমধ্যে পঞ্চাশ বার জেল খেটেছেন বরকত। জেল থেকে পালিয়ে একটি মন্দিরে ডাকাতি করায় তাকে আবার গ্রেফতার করেছে পুলিশ। বরকত আরেকটি নামে পরিচিত, সেটি হল বাবু। ১৯৮৪ সালে প্রথম অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে।
গত মাসে দুবার রাজস্থানের শেরগড়ের কাছে সোইন্ত্রার আশাপুরা মাতাজি মন্দিরে ডাকাতির ঘটনা ঘটে। যে ঘটনার পর শোরগোল পড়ে যায় এলাকায়। কে বা কারা এই কাজ করল তা নিয়ে কৌতুহল ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। জানা যায় মন্দিরের বাক্স থেকে নগদ ২৫,০০০ টাকা, একটি মাইক্রোফোন সেট, একটি এলইডি টিভি এবং একটি রুপোর চাঁদোয়া চুরি গিয়েছে। গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা রাত জেগে পাহারা দেওয়া শুরু করে। রাতে টহল দেয় পুলিশও। সেই টহলদারির সময় বরকত খান ওরফে বাবুকে মন্দির চত্বর থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
পুলিশ বাবুর কাছ থেকে চুরি যাওয়া কিছু জিনিস উদ্ধার করেছে। মনে করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। টহল বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। এক পুলিশ আধিকারিক বলেন, অভিযুক্ত বাবু এক জন ধারাবাহিক অপরাধী। ১০ বছরেরও বেশি সময় জেলে কাটিয়েছেন তিনি। সম্প্রতি আজমের জেল থেকে পালিয়েছিলেন।
