ওঙ্কার ডেস্ক: দীর্ঘ দিন হিংসায় বিধ্বস্ত থাকা মণিপুরে শান্তি ফেরানোর চেষ্টা চলছে। এই আবহে সে রাজ্যের চুরাচাঁদপুর জেলায় এক মেইতেই যুবককে অপহরণ করে নিয়ে গিয়ে গুলি করে খুনের অভিযোগ উঠল। অভিযোগ কুকি সম্প্রদায়ের সন্দেহভাজন জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা চলমান শান্তি প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। একদা জাতিদাঙ্গার কবলে থাকা মণিপুরে গত কয়েক মাসে এমন কোনও ঘটনার খবর মেলেনি। গত বছর ১৩ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে মণিপুরে। সে রাজ্যে সরকার গঠন নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। তার মধ্যেই এই ঘটনাটি ঘটল।
রিপোর্ট অনুসারে, নিহত ব্যক্তির নাম মায়াংলামবাম ঋষিকান্ত সিং। তাঁকে বুধবার চুরাচাঁদপুর জেলার তুইবং এলাকার বাড়ি থেকে অপহরণ করা। মেইতেই গোষ্ঠীর ব্যক্তির সঙ্গে তাঁর কুকি স্ত্রী চিংনু হাওকিপকেও তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে মায়াংলামবামকে গুলি করে খুন করা হয়। ছেড়ে দেওয়া হয় মহিলাটিকে। জানা গিয়েছে, ওই ব্যক্তি ইম্ফল উপত্যকার কাকচিং খুনৌয়ের বাসিন্দা ছিলেন। সমাজ মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তাতে দেখা গিয়েছে, এক জন ব্যক্তি মাটিতে বসে হাতজোড় করে কাকুতি-মিনতি করছেন। যাদের কাছে ওই ব্যক্তিটি কাতর আর্জি জানাচ্ছেন ভিডিওতে তাদেরকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা যায় এবং দেহ মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ মধ্যরাতের পর নটজাং গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে। এর পর সেটি চুড়াচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। স্বতঃপ্রণোদিত হয়ে এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
