মেসির ভারত সফর নিয়ে জলঘোলা কম হল না। কলকাতার অব্যবস্থার পাশাপাশি প্রশ্ন উঠেছে মেসির ভারত সফরের মোট ব্যয় নিয়ে। মেসির ভারত সফরে কার্যত খোলামকুচির মতো টাকা ‘উড়েছে’। শুধু ব্যবস্থাপনা নয়, শুধু মাত্র মেসির সঙ্গে ছবি তোলা আর হাত মেলানোর জন্য কোটি টাকা পর্যন্ত খরচ করেছেন মানুষ। সেই দেখে ব্যথিত অভিনব বিন্দ্রা। সোনাজয়ী শুটার মনে করছেন, এই বিপুল পরিমাণ অর্থ ভারতীয় খেলাধুলার উন্নতিতে ব্যবহার করা যেত।
কনসার্ট উপলক্ষে ভারতের চারটি শহরে গিয়েছেন মেসি। প্রত্যেক শহরেই ছিল টাকা দিয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ। এসব দেখেই ব্যথিত বিন্দ্রা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মেসিকে নির্দিষ্ট একটা খেলার গণ্ডিতে বেঁধে ফেলা যায় না। আমিও মেসিকে অত্যন্ত সম্মান করি। কিন্তু তাঁর ভারত সফর দেখে আমি ব্যথিত। খুবই খারাপ লেগেছে। আয়োজকরা ঠিক কী করতে চাইছিলেন, তা স্পষ্ট নয়। খেলার সঙ্গে অর্থের সম্পর্ক অস্বীকার করা যায় না। কিন্তু মেসিকে যাঁরা সম্মান করেন, তাঁদের ভেবে দেখা উচিত এই সফর নিয়ে। আমরা কি আদৌ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছি নাকি ব্যক্তিপূজায় ব্যস্ত হয়ে পড়েছি? কিংবদন্তি ফুটবলারের সঙ্গে ছবি তুলতেই লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। ওই অর্থের সামান্য কিছুটাও যদি আমাদের দেশে খেলার পরিকাঠামো তৈরিতে ব্যবহার হত, তাহলে কতকিছুই বদলে যেতে পারত।’
ফুটবলের দুনিয়ায় আর্জেন্টাইন মহাতারকাকে ব্যক্তিগতভাবে পছন্দ হলেও তাঁর ভারত সফরে বাতাসে টাকা ওড়ায় ব্যথিত, দুঃখিত সোনাজয়ী বিন্দ্রা।
