ওঙ্কার ডেস্ক: অন্ধ্রপ্রদেশে ফের গ্যাস লিকের ঘটনা। ওএনজিসির একটি গ্যাস কূপে বড়সড় বিপত্তি। মঙ্গলবার ভোরে কূপ থেকে গ্যাস বেরতে শুরু করায় আতঙ্ক ছড়ায় কোনাসিমা জেলায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের হিসাব অনুযায়ী, প্রায় ৮০০ জনকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। চলতি বছরে এই এলাকায় এই নিয়ে চারবার গ্যাস লিকের ঘটনা ঘটল বলে দাবি স্থানীয়দের।
ওএনজিসি সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ কোনাসিমা জেলার ২১৬ নম্বর জাতীয় সড়কের কাছে গেড্ডাডা গ্রামের একটি গ্যাস কূপে পুনরায় খননের কাজ চলছিল। সেই সময় আচমকাই বিকট শব্দে কূপ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকা গ্যাসে ঢেকে যায়। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কোনও খবর নেই। ঘটনার পরই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। গ্যাস কূপের চারপাশে এক কিলোমিটার এলাকা নিরাপত্তার আওতায় আনা হয়। প্রায় ৪০০ থেকে ৫০০টি পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে গ্যাসের লিকেজ বন্ধ করার কাজ চালাচ্ছেন ওএনজিসির কর্মীরা। প্রশাসনের আশা, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
কোনাসিমার জেলাশাসক মহেশকুমার রবিলালা জানিয়েছেন, গ্যাস চারদিকে ছড়িয়ে না পড়ে মূলত উপর দিকে উঠে যাচ্ছে। তাই আপাতত বড়সড় বিপদের আশঙ্কা কম। তবে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম, আলো এবং গ্যাসের উনুন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি দুর্গত পরিবারগুলির জন্য দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও করেছে প্রশাসন। এদিকে ঘটনার খবর পেয়েই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ওএনজিসির শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। গ্রামবাসীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন তিনি।