ওঙ্কার ডেস্ক: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এক মহিলা ডাক্তারের কাছ থেকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে উত্তর কেরলের কান্নুর সিটি সাইবার পুলিশ গ্রেফতার করল পাঞ্জাবের এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির জীবন রাম (২৮)। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা তিনি।
অভিযোগ, ওই ব্যক্তি এক মহিলা ডাক্তারকে ‘ডিজিটাল গ্রেফতারের’ ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, গত ৩০ নভেম্বর ঘটনাটি ঘটেছিল। প্রতারকরা টাকা হাতানোর জন্য সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। মুম্বইয়ের সিবিআই অফিসারপরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ওই ডাক্তারের সঙ্গে তারা যোগাযোগ করে।
প্রতারকরা ওই মহিলা চিকিৎসকের কাছে দাবি করেন, তাঁর নামে বেআইনি আর্থিক লেনদেনের একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি মিটমাট করার জন্য টাকা চায় প্রতারকরা। অভিযোগ, প্রতারকদের ফাঁদে পড়ে ওই ডাক্তার বিভিন্ন অ্যাকাউন্টে ১০ লক্ষ ৫০ হাজার টাকা পাঠান। সেই টাকা ব্যাঙ্ক থেকে তুলেও নেয় প্রতারকরা। পুলিশ কমিশনার নিধিনরাজ পি-এর নির্দেশে কান্নুর সিটি পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে লুধিয়ানার একটি গ্রাম থেকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত গা ঢাকা দেওয়ার জন্য একাধিকবার জায়গা বদল করেছে। তা সত্ত্বেও কেরল পুলিশের ওই দলটি পাঞ্জাবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পাঁচ দিন ধরে নজরদারি চালায়। অবশেষে তাকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।
