ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ চলাকালীন পশ্চিমবঙ্গ থেকে কোনও বাংলাদেশি বা রোহিঙ্গা যাতে উত্তরপ্রদেশে না ঢুকে যায়, তা দেখার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে যোগীর পুলিশ।
যোগী আদিত্যনাথের সরকারের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনও আপস করা হবে না। অবৈধ ভাবে যাঁরা উত্তরপ্রদেশে ঢুকেছেন তাঁদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিবৃতিতে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে রাজ্যে একটি সংগঠিত চক্র কাজ করছে। বিভিন্ন জেলায় বহু বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছেন।
উল্লেখ্য, অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে জেলা প্রশাসন তল্লাশি অভিযান চালাচ্ছে। এই কাজে সামিল রয়েছে সে রাজ্যের সন্ত্রাসদমন শাখাও। সূত্রের খবর, ইতিমধ্যেই বহু রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। সম্প্রতি, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নির্দেশ দিয়েছিলেন, অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছেন যে এলাকায়, সেই বিষয়ে তালিকা তৈরি করতে। তাঁরা কী ধরণের কর্মকাণ্ডে জড়িত তাও চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। সমস্ত অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছিল। উল্লেখ্য, দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া চলছে। উত্তরপ্রদেশেও বিশেষ নিবিড় সংশোধন চলছে। ভোটার তালিকা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে এই কাজ করা হচ্ছে কমিশনের তরফে।
