ওঙ্কার ডেস্ক: তাঁদের দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। মোদী সরকারের এই মন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানাল ককরোচ জনতা পার্টি। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে সিজেপি-র তরফে লেখা হয়েছে, ‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক।’
গত জুন মাস থেকেই দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে আসছে সিজেপি। নিট ইউজি-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের জেরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও জবাবদিহির দাবি জানিয়ে আসছিল তারা। দিল্লির এই বিক্ষোভের আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। এই আবহে শনিবারই পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা রয়েছে এদিন। তার কয়েক ঘণ্টা আগে, বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধান ‘এক্স’ হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
নিট ইউজি পরীক্ষায় অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই আমি সম্পূর্ণ দায় নিয়েছি এবং পরিস্থিতি থেকে কখনও পালিয়ে যাইনি। ‘পরীক্ষা মাফিয়া’-র কারণে কোনও মেধাবী পড়ুয়ার ভবিষ্যত নষ্ট হতে না দেওয়া কিংবা কোনও ছাত্রছাত্রীর প্রতি অবিচার হতে না দেওয়ার বিষয়ে আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’ উল্লেখ্য, এই পরীক্ষাটি প্রথমে ৩ মে অনুষ্ঠিত হয়। কিন্তু প্রশ্ন ফাঁসের কারণে পুনরায় পরীক্ষায় বসতে হয় ছাত্রছাত্রীদের ২১ জুন। প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘গণতন্ত্রের ওপর আমার সর্বদা বিশ্বাস রয়েছে। আমি তরুণদের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রত্যাশাকে গভীরভাবে শ্রদ্ধা করি। তারা কেবল ভারতের ভবিষ্যৎই নয়; তারা এক নতুন ও উন্নত ভারতের মশালবাহী, নির্মাতা ও স্থপতি। গত দশ দিনের ঘটনায় আমি ব্যথিত। এটি আমার কাছে ব্যক্তিগত মর্যাদার কোনও বিষয় নয়‘’