ওঙ্কার ডেস্ক: ‘ককরোচ জনতা পার্টি’ এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে আজ তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা। আগের দফার আলোচনার পর, সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা জানিয়েছিলেন, তাঁদের তিনটি প্রধান দাবির মধ্যে দুটির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। যদিও শনিবারই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রিয় শিক্ষামন্ত্রী। ফলে পড়ুয়াদের তিন মূল দাবি মেনে নিল সরকার পক্ষ। এই আবহেও যন্তর মন্তরের কাছে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটল।
রিপোর্ট অনুসারে, এদিন টলস্টয় মার্গে বিক্ষোভকারীরা পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে। আর তার পর র্যাপিড অ্যাকশন ফোর্স কাঁদানে গ্যাসের শেল ফাটায়। গত ২০ জুলাই থেকে ওই এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে এই নিয়ে তৃতীয় সংঘর্ষের ঘটনা ঘটল। পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও দাবি পুলিশের।
অন্য দিকে গত কয়েক দিন ধরে বিক্ষোভকারীদের আটক করার বিষয়টি নিয়ে সরব হয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র সৌরভ দাস। তিনি দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করেছেন। যন্তর মন্তরে বক্তব্য রাখার সময় এদিন সৌরভ দাস বলেন, ‘গত ২-৩ দিন ধরে দিল্লি পুলিশ বেআইনিভাবে বেশ কয়েকজন তরুণকে—বিশেষ করে যন্তর মন্তর এলাকা ও তার আশেপাশ থেকে—আটক করছে। এ ধরনের আটক সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। আমাদের আইনজীবীরা এবং আরও অনেক আইনজীবী—যাঁরা হয়তো সরাসরি আমাদের সঙ্গে যুক্ত নন—তাঁরা থানা থেকে এই তরুণদের ছাড়িয়ে আনছেন।’