ওঙ্কার ডেস্ক: উদ্যোগপতির আত্মহত্যা। মাহারাষ্ট্রের সোলাপুরে একটি বহুতলের ১৭ তলা থেকে ঝাঁপ দিলেন এক উদ্যোগপতি। এক নামী বেকারির মালিক ছিলেন তিনি। ঠিক কী কারণে চরম সিদ্ধান্ত নিলেন ওই ব্যবসায়ী তা খতিয়ে দেখছে পুলিশ।
রিপোর্ট অনুসারে, নিহত উদ্যোগপতির নাম সুনীল মোতিলাল সাদারঙ্গানি। ৫৯ বছর বয়স তাঁর। বিখ্যাত মুলতানি বেকারির মালিক ছিলেন সুনীল। বিজয়পুর রোডের পানাশ অ্যাপার্টমেন্টের ১৭ তলা থেকে ঝাঁপ দেন। ইতিমধ্যে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, সাদারঙ্গানি ছাদে হাত জোড় করে প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। কিছু ক্ষণের মধ্যেই তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে, সাদারঙ্গানি বিকেলে পানাশ অ্যাপার্টমেন্টে আসেন। লিফট ব্যবহার না করে তিনি সিঁড়ি দিয়ে উপরে ওঠেন। সরাসরি ১৭ তলায় উঠে যান। আবাসনের বাসিন্দারা তাঁকে ছাদে অত্যন্ত বিচলিত অবস্থায়, প্রার্থনার ভঙ্গিতে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখে নিরাপত্তা রক্ষীদেরকে জানান। এর পর নিরাপত্তারক্ষী তড়িঘড়ি উপরে উঠে তাঁকে বুঝিয়ে নীচে নামিয়ে আনেন। সেই সময় সাদারঙ্গানি নিরাপত্তারক্ষীকে বলেন, তিনি উপরে চাবি ফেলে এসেছেন। সেটি আনার জন্য আবার ১৭ তলায় যান তিনি। সেখান থেকে মরণঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
