ওঙ্কার ডেস্ক: মাত্র ১৭ বছর বয়সেই শেষ হয়ে গেল এক উঠতি মহিলা ক্রিকেটারের জীবন। জাতীয় স্তরে অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিল সে। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলেও জায়গা হয়েছিল তার। কিন্তু শুক্রবার তেলঙ্গানার বিকারাবাদে দিদার বাড়ি থেকে উদ্ধার হল সেই নন্দিনীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে জানিয়েছে। তবে পরিবারের অভিযোগ, স্থানীয় দুই যুবকের লাগাতার হেনস্থা ও মানসিক নির্যাতনের কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কিশোরী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকারাবাদের মধু কলোনিতে দিদার বাড়িতে থাকত নন্দিনী। তার আদি বাড়ি অন্য একটি গ্রামে। পড়াশোনা এবং ক্রিকেটের প্রশিক্ষণের সুবিধার জন্যই বিকারাবাদে থাকার সিদ্ধান্ত নিয়েছিল সে। অল্প বয়সেই ক্রিকেটের ময়দানে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিল নন্দিনী। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলে সুযোগ পাওয়ায় পরিবারের সদস্যরাও যথেষ্ট আশাবাদী ছিলেন। কিন্তু সেই স্বপ্নের মাঝেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পরিবারের অভিযোগ, অনিল ও কৃষ্ণ নামে এলাকার দুই যুবক বেশ কিছুদিন ধরে নন্দিনীকে বিরক্ত করছিল। তাঁদের দাবি, অনিল ভালোবাসার অজুহাতে নিয়মিত নন্দিনীর পিছু নিত এবং নানা ভাবে হেনস্থা করত। এই কাজে তাকে সাহায্য করত কৃষ্ণ। দুই যুবকের আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছিল কিশোরী। ক্রমাগত হয়রানির জেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন নন্দিনীর পরিবার। তাঁদের দাবি, সময়মতো ব্যবস্থা নেওয়া হলে এমন পরিণতি এড়ানো সম্ভব হত।
শুক্রবার সকাল ৯টা নাগাদ নন্দিনীর মৃত্যুর খবর পায় বিকারাবাদ পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। প্রাথমিক তদন্তের পর ঘটনাটিকে আত্মহত্যা বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা। বিকারাবাদের সার্কেল ইন্সপেক্টর রঘু জানিয়েছেন, নন্দিনীর পরিবারের তরফে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে হেনস্থার লিখিত অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য নন্দিনীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি তার বিভিন্ন সমাজমাধ্যমের অ্যাকাউন্টও খতিয়ে দেখা হবে।