নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: কালীপুজোর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সামান্য বচসা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে এক যুবককে খুনের অভিযোগ উঠল বাঁকুড়া শহরের লোকপুর এলাকায়। মৃত যুবকের নাম আদিত্য ভগত। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ দুজনকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন লোকপুরেরই বাসিন্দা আদিত্য ভগত। অভিযোগ, বিসর্জন চলাকালীন স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর বচসা বাধে। মুহূর্তের মধ্যেই সেই বিবাদ চরম আকার নেয়। অভিযোগ, বচসা চলাকালীনই ধারালো অস্ত্র দিয়ে আদিত্যর উপর চড়াও হয় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে লোকপুর এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমে মূল ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে লোকপুরে পুলিশ পিকেট বসানো হয়েছে। নিছকই তাৎক্ষণিক বচসা, নাকি এর পেছনে পুরনো কোনও শত্রুতা রয়েছে, ধৃতদের জেরা করে তা খতিয়ে দেখার পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।