অর্পিতা মুখার্জী, কলকাতা: ছটপুজোয় পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেদিকে কড়া নজর দিয়েছে কলকাতা পুরসভা। এবারের আয়োজনে পুর কর্তৃপক্ষের বড় চমক কিউআর কোড। মোবাইলে নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করলেই এক ক্লিকে ঘাটের অবস্থান, যাতায়াতের পথ এবং জরুরি পরিষেবা সংক্রান্ত সব তথ্য জেনে নিতে পারবেন পুণ্যার্থীরা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবার কলকাতা পুরসভা এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এলাকা মিলিয়ে মোট ১৬৩টি ঘাট প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে পুরসভার ১৬টি বরোর অধীনে ১২৪টি জায়গায় ঘাটের ব্যবস্থা থাকছে। গঙ্গার তীরে ৩০টি, আদি গঙ্গায় ২টি, পুকুর বা জলাশয়ে ৮৬টি এবং ৬টি কৃত্রিম জলাশয়ে পুণ্যার্থীরা পুজো দিতে পারবেন। অন্যদিকে, কেএমডিএ এলাকায় ২৪টি স্থায়ী এবং ১৫টি অস্থায়ী ঘাট তৈরি করা হচ্ছে।
পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পুরসভার প্রতিটি বিভাগকে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
জল সরবরাহ বিভাগ: ১৫ ও ১৬ নভেম্বর ভোরে অতিরিক্ত পানীয় জল এবং জলের ট্যাঙ্কারের ব্যবস্থা রাখবে।
স্বাস্থ্য বিভাগ: যাঁরা দণ্ডি কেটে ঘাটে যাবেন, তাঁদের যাতে অসুবিধা না হয়, সেজন্য ঘাটমুখী রাস্তাগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করবেন কর্মীরা।
স্বাস্থ্য পরিষেবা: ৬টি প্রধান ঘাটে চিকিৎসক-সহ অ্যাম্বুল্যান্স এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকছে।
উত্তরণ সার্ভিস বিভাগ: ঘাট ও সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হচ্ছে বায়ো-টয়লেট।
বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ: নিরাপত্তার দিকটি দেখছে। হুগলি নদীর ঘাট ও বড় জলাশয়গুলিতে থাকছেন পেশাদার ডুবুরি। মোতায়েন করা হচ্ছে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের। তাঁদের গায়ে থাকবে পুরসভার লোগো-সহ বিশেষ জ্যাকেট।
আলোক বিভাগ: ঘাট ও সংযোগকারী রাস্তায় পর্যাপ্ত আলোর পাশাপাশি মাইকে সচেতনতামূলক ঘোষণার বিষয়টি দেখবে।
সিভিল ও রোডস বিভাগ: ঘাটে পৌঁছনোর রাস্তা মেরামতির কাজে হাত দিয়েছে।
পুর সচিবালয় বিভাগ: প্রবেশ তোরণ, ব্যানার লাগানোর পাশাপাশি মহিলাদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ চেঞ্জিং রুম।
পুজোর পর সাফাই
পরিবেশ রক্ষায় পুজোর পর পরই পার্কস অ্যান্ড স্কোয়ার্স এবং ঘাট বিভাগ জল থেকে ফুল ও পুজোর সামগ্রী সরিয়ে সাফাই অভিযান চালাবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা আবর্জনা সংগ্রহ করে ধাপা ডাম্পিং গ্রাউন্ডে পাঠাবেন।