ওঙ্কার ডেস্ক: ভানুয়াতুতে নাকি নিজস্ব একটি দ্বীপ রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। তাঁর অভিযোগ, বিনয় মিশ্র-সহ অভিষেকের ঘনিষ্ঠ কয়েকজন সেখানে থাকেন। এমনকী অভিষেককে ওই দ্বীপে গিয়ে এক-দু’বছর কাটানোর পরামর্শও দিয়েছেন মদন। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।
মদন মিত্রের কটাক্ষ, আপাতত পুরভোট নিয়ে ভাবার প্রয়োজন নেই অভিষেকের। বরং রাজনীতির ময়দান থেকে সরে গিয়ে নিজের দ্বীপে সময় কাটানো উচিত তাঁর। মদনের কথায়, ‘‘এবারের পুরভোটটা ছেড়ে দিন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে দেখা হবে।’’ উল্লেখ্য, ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। বিভিন্ন সময়ে ভারতের আর্থিক অপরাধে অভিযুক্ত নীরব মোদী, মেহুল চোকসি এবং বিনয় মিশ্রের মতো ব্যক্তিদের সেখানে আশ্রয় নেওয়ার অভিযোগ সামনে এসেছে। এবার সেই দেশেই অভিষেকের নিজস্ব দ্বীপ থাকার দাবি করলেন মদন। যদিও তাঁর এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ সামনে আসেনি।
শুধু ভানুয়াতুর দ্বীপের প্রসঙ্গ তুলেই থামেননি মদন মিত্র। অভিষেকের চোখের চিকিৎসার জন্য আমেরিকা সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। চার্টার্ড বিমানে যাতায়াতের বিষয়টি উল্লেখ করেও কটাক্ষ করেছেন তৃণমূলের এই নেতা। মদনের আরও অভিযোগ, অভিষেক নদী ও নদীর চর দখল করেছেন। তাঁর দাবি, কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তৃণমূল নেত্রীর উদ্দেশেও পরামর্শ দিয়েছেন মদন। তাঁর বক্তব্য, অভিষেকের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ও পরিচিতদের ভুলে যাচ্ছেন। মদনের দাবি, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে অভিষেককে আগামী নির্বাচনের সময় রাজনীতির বাইরে রাখা উচিত। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।