ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে শনিবার বিস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির দাবি মেনে এই ইস্তফা দেওয়ার পর উচ্ছ্বসিত আন্দোলনকারীরা। এই আবহে নিজের প্রতিক্রিয়া জানালেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। যিনি একই দাবিতে টানা ২৬ দিন অনশন করেছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সোনম ওয়াংচুক সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটি ‘গণতন্ত্রের জয়’। এ ছাড়া গোটা বিষয়টিকে শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের জয় বলে উল্লেখ করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে সোনম লিখেছেন, ‘এটি গণতন্ত্রের জয়। সরাসরি রাজপথ থেকে উঠে আসা জয়। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়।’ তাঁর আরও সংযোজন, ‘অভিনন্দন সিজেপি এবং দেশের জেন-জি প্রজন্মকে। সমস্ত নাগরিককে ধন্যবাদ ভয় ও ভয়ের আতঙ্ক ঝেড়ে ফেলে দেশের প্রতিটি প্রান্ত থেকে রুখে দাঁড়ানোর জন্য।’ উল্লেখ্য, শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে তিনি অনশন প্রত্যাহার করেন। ককরোচ জনতা পার্টি এবং দেশের তরুণদের অভিনন্দন জানানোর পাশাপাশি ভয়কে জয় করে সারা দেশে রুখে দাঁড়ানোর জন্য নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন, সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তিনি লিখেছেন, ‘ভারত যে ‘বিশ্বগুরু’ হতে পারে, তার প্রকৃত অর্থ যদি কেউ দেখিয়ে থাকে, তবে তা আমাদের ‘জেন-জি’ প্রজন্মই।’ তিনি আরও লিখেছেন আমাদের তরুণরা নিজের দেশকে পুড়িয়ে না দিয়েও অবিচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছেন। তাদের কাছ থেকে হিন্দুত্ববাদী দলটির হিন্দুধর্ম, জাতীয়তাবাদ এবং ‘বিশ্বগুরু’ হওয়ার প্রকৃত অর্থ শেখার আছে।