ওঙ্কার ডেস্ক: তামিলাগা ভেটরি কাজাগম বা টিভিকে প্রধান বিজয়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ১২ জানুয়ারি সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে গোয়েন্দারা। গত ২৭ সেপ্টেম্বর বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। জখম হন অন্তত ৬০ জন। সেই ঘটনার তদন্তের জন্য বিজয়কে তলব করা হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, বিজয়ের সমাবেশের জন্য প্রায় ১০,০০০ ধারণক্ষমতার একটি জায়গা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেখানে প্রায় ৩০,০০০ লোকের ভিড় হয়েছিল। সুরক্ষার জন্য যে গাইডলাইন ছিল তা মানা হয়নি বলে অভিযোগ। এ ছাড়া খাবার ও পানীয় জলের ব্যবস্থা ছিল না। দুর্ঘটনার পিছনে এগুলিকে কারণ হিসেবে মনে করা হয়েছিল। জানা গিয়েছে ঘটনার দিন দুপুর ১২টায় অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কথা ছিল বিজয়ের। কিন্তু তিনি সেখানে পৌঁছন সন্ধ্যা ৭টা নাগাদ। তার আগেই ভিড় বেড়ে গিয়েছিল। ওই সময়ে, অনেকে গাছে, ছাদে এবং বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা যাতে না ঘটে সে কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিজয় পৌঁছানোর পর, একে অপরকে ধাক্কা দিতে শুরু করে। যে বাসে বিজয় ছিলেন সেই বাসের দিকে জুতো ছুঁড়তে থাকেন অনেকে। হুড়োহুড়ির ফলে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনার একদিন পর বিজয় প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের জন্য ২০ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। রাজ্যব্যাপী তাঁর সফরও স্থগিত করা হয়।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে এই ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পর নেতা অভিনেতা বিজয়কে এবার তলব করল সিবিআই।
