ওঙ্কার ডেস্ক: ইপিএফ এর পুরো টাকা এবার থেকে চাইলে তুলে নিতে পারবেন। জমানো টাকা তোলার ক্ষেত্রে নিয়ম সহজ করল কেন্দ্রীয় সরকার। ইপিএফ গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবীয়ের সভাপতিত্বে ‘সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্ট’- এর ২৩৮তম সভা অনুষ্ঠিত হয়েছে এদিন। সেই সভায় ইপিএফ নিয়ে এই নীতি নেওয়া হয়েছে।
লগ্নি তোলার ক্ষেত্রে সোমবার যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে নিয়ম শিথিলিকরণ। ‘ইপিএফও ৩.০’- কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে প্রভিডেন্ট ফান্ড ও এই সংক্রান্ত পরিষেবার আধুনিকীকরণ হবে। পাশাপাশি ডিজিট্যাল লাইফ সার্টিফিকেটের জন্য চালু করা হচ্ছে ‘ডোর স্টেপ’ পরিষেবা। ‘ঝঞ্ঝাট’ কমাতে আনা হচ্ছে ‘বিশ্বাস প্রকল্প’।
সূত্রের খবর নয়া নিয়মে, গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ১৩টি পুরনো নিয়মকে একত্র করে টাকা একটিই নিয়ম নির্ধারণ করা হয়েছে। যার ফলে বিশেষ, বাড়ি তৈরি ও জরুরি পরিস্থিতিতে সুবিধা পাওয়া যাবে।অসুস্থতা, শিক্ষা ও বিয়ে, এই তিনটি বিষয় জরুরি পরিস্থিতির তালিকায় থাকছে। প্রসঙ্গত, এত দিন শিক্ষা ও বিয়ের ক্ষেত্রে তিন বার টাকা তোলা যেত। নতুন নিয়মে তা বাড়িয়ে করা হয়েছে দশ ও পাঁচ বার। পুরনো নিয়মে টাকা তুলতে হলে বিশেষ পরিস্থিতি কী, তা নির্দিষ্ট ভাবে উল্লেখ করতে হত। অনেক সময় গ্রাহকের আবেদন বাতিল হয়ে যেত। এবার থেকে বিশেষ পরিস্থিতিতে টাকা তোলার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে না।
