ওঙ্কার ডেস্ক: দাম্পত্য কলহের কারণে প্রায় এক বছর ধরে পৃথক ভাবে থাকছিলেন বালামুরুগান এবং তাঁর স্ত্রী ভুবনেশ্বরী। কিন্তু সম্প্রতি বালামুরুগানকে ডিভোর্সের নোটিশ পাঠান ভুবনেশ্বরী। সেই নোটিশ পাওয়ার এক সপ্তাহ পর স্ত্রীকে গুলি করে খুন করলেন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি। খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বালামুরুগান।
রিপোর্ট অনুসারে ৪০ বছর বয়সী বালামুরুগান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ওই ব্যক্তি। কিন্তু গত চার বছর ধরে কর্মহীন ছিলেন। অন্য দিকে ৩৯ বছর বয়সী ভুবনেশ্বরী ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসিসট্যান্ট ম্যানেজার ছিলেন। সূত্রের খবর, ২০১১ সালে ওই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাঁরা বেঙ্গালুরুতে চলে আসেন। দুজনেই তামিলনাড়ুর সালেম জেলার বাসিন্দা। দাম্পত্য কলহের কারণে তাঁরা এক বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকছিলেন। ওই মহিলা সন্তানদের সঙ্গে রাজাজিনগরে থাকতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সন্দেহ করতেন, তাঁর স্ত্রী অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। যার ফলে দুজনের মধ্যে প্রায়শই ঝগড়া হত।
সপ্তাহ খানেক আগে, ভুবনেশ্বরী বালামুরুগানকে ডিভোর্সের নোটিশ পাঠান। গোটা বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। মঙ্গলবার, বালামুরুগান তাঁর স্ত্রীর গতিবিধি নজরে রেখেছিলেন। ভুবনেশ্বরী কাজ থেকে ফেরার সময় সন্ধ্যা ৬.৩০ নাগাদ তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালান বালামুরুগান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত আগ্নেয়াস্ত্র কোথায় পেলেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
