ওঙ্কার ডেস্ক: আগামী বৃহস্পতিবার জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই সফরে তাঁকে উচ্চ গতি সম্পন্ন নির্মীয়মাণ বুলেট ট্রেন দেখাবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা। ই-১০ সিরিজের ওই বুলেট ট্রেন জাপানে চালু হওয়ার পর তা ভারতেও দৌড়াতে শুরু করবে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার টোকিও-তে ভারত-জাপান শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। ওই দিনই ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মিয়াগিতে যাবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা। সেখানে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে নির্মীয়মাণ ই-১০ সিরিজের বুলেট ট্রেন দেখানো হবে মোদীকে। সূত্রের খবর, জাপানে উচ্চ গতির ওই ট্রেন যাত্রা শুরু করার পরে ভারতে মুম্বই-আহমেদাবাদের মধ্যে চলাচল শুরু করবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদীর জাপান সফরে একটি চুক্তি হয়েছিল। যাতে মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন চালুর কথা হয়েছিল। তখন জাপানের তরফে ই-৫ সিরিজের বুলেট ট্রেন ভারতকে দেওয়ার কথা হয়েছিল। যদিও জাপানের তরফে পরে সিদ্ধান্ত বদল করে বলা হয়, ভারতকে আরও উন্নত ই-১০ সিরিজের বুলেট ট্রেন দেওয়া হবে। এই প্রস্তাবে রাজি হয় নয়াদিল্লি। প্রধানমন্ত্রী মোদীকে কারখানায় নিয়ে গিয়ে এই ই-১০ সিরিজের নির্মীয়মান ট্রেন দেখাবেন জাপানের প্রধানমন্ত্রী। নতুন এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে এটি সাইক্লোন বা ভূমিকম্পে লাইনচ্যুত হবে না। সেই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়লেও যাত্রী বা চালকের প্রাণহানির ঘটনাও ঘটবে না। কারণ প্রথম কামরাটিতে চালক থাকবেন না। উচ্চ গতি সম্পন্ন এই ট্রেন ঘণ্টায় ৩২০ কিলোমিটার পথ পাড়ি দেবে। কলকাতা থেকে দিল্লি যেতে সময় লাগবে মাত্র পাঁচ ঘণ্টা।
