ওঙ্কার ডেস্ক: বিয়ের দিন নতুন করে জীবন শুরু করার জন্য অঙ্গীকারবদ্ধ হয় সকলে, কিন্তু সেই বিশেষ দিনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। গুজরাটের ভাবনগরে একটি বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে কনেকে লোহার পাইপ দিয়ে মেরে খুন করে দিল বর। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুজরাটের ভাবনগরের প্রভুদাস লেক এলাকার টেকরি চকের কাছে শনিবার সকালে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পাত্রীর নাম সোনি রাঠোড়, বয়স ২২ বছর। সেখানে হবু বধূর সঙ্গে খাবার এবং টাকা নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয় হবু বর সাজন বড়াইয়ার। এর মাঝেই আচমকা লোহার পাইপ দিয়ে তরুণীর উপর বেধড়ক মারধর করে অভিযুক্ত। এই আক্রমণের ফলে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানতে পেরেছে, আগে থেকেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দুজনে।
তদন্তকারীরা জানান, খাবার এবং টাকা নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। যা দ্রুত সহিংসতায় আকার নেয়। সজন একটি লোহার পাইপ দিয়ে সোনির মাথায় এবং শরীরে আঘাত করে বলে অভিযোগ। এক পুলিশ আধিকারিক জানান, তরুণীর মাথা দেওয়ালে ঠুকে দেওয়ায়র ফলে মারাত্মক জখম হন তিনি। ঘটনার পর স্থানীয়রা গঙ্গাজালিয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে একাধিক দল মোতায়েন করা হয়েছে অভিযুক্তকে খুঁজে বের করার জন্য।
