ওঙ্কার ডেস্ক: গলার সমস্যা, কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন এনসিপি নেতা শরদ পওয়ার। সোমবার দুপুরে তাঁকে পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি করা হয়। অসুস্থ বোধ করায় প্রবীণ নেতাকে চিকিৎসার জন্য সোমবার মহারাষ্ট্রের বারামতি থেকে পুনেতে আনা হয়। বারামতিতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন শরদ পওয়ার। প্রবীণ রাজনীতিবিদকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নতি না হওয়ায় তাঁকে পুনেতে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা।
এনসিপি সুপ্রিমোর একজন ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, শরদ পওয়ার গলার সংক্রমণে ভুগছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রুবি হল ক্লিনিকের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পারভেজ গ্রান্ট বলেন, ‘হাসপাতালে আসার পর, ডাক্তারদের একটি দল তাঁকে পরীক্ষা নীরিক্ষা করবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ হাসপাতালের তরফে জানানো হয়েছে, পওয়ারকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা মূল্যায়ন করবে।
দলের সাংসদ এবং শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে হাসপাতালে রয়েছেন। বর্ষীয়ান নেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলের নেতা এবং সমর্থকরা। পরিবারের ব্যক্তিগত ক্ষতি সত্ত্বেও তিনি সম্প্রতি মানুষের জন্য কাজে সক্রিয় ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় শরদ পওয়ারের ভাইপো তথা মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। সেই ঘটনার পর থেকে মুষড়ে পড়েছেন শরদ। অজিতের মৃত্যু নিয়ে রাজনীতি না করার বার্তা দিয়েছিলেন তিনি।
