ওঙ্কার ডেস্ক: নিট পরীক্ষায় সফল হতে না পারার আশঙ্কা। সেই হতাশা থেকেই আত্মঘাতী হলেন এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সোমবার ওই পড়ুয়া তাঁর বাবার লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে গুলি চালিয়ে নিজেকে হত্যা করেছেন।
রিপোর্ট অনুসারে, ঝুঁসি থানা এলাকার ত্রিবেণীপুরমের বাসিন্দা ওই তরুণী। আগামী বছরের নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। শহরের ডেপুটি পুলিশ কমিশনার সাগর জৈন জানিয়েছেন, পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করতেন তিনি। পরিবারের লোকজনের দাবি, রাত জেগে পড়ার অভ্যাস ছিল তরুণীর। ভোর ৪টে বা ৫টা পর্যন্ত পড়াশোনা করতেন। ঘুম থেকে উঠতেন দুপুর আড়াইটে নাগাদ। সোমবার দুপুর ৩টে পেরিয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন খোঁজ নিতে যান। তখনই ঘরের মধ্যে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে তরুণী লিখেছেন, ‘আমি কোনও দিনই নিট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব না। দয়া করে আমাকে ক্ষমা করে দিও।’ পুলিশের দাবি, ওই চিরকুটে পরীক্ষায় সফল হতে না পারার আশঙ্কার কথাই উঠে এসেছে।
তরুণীর বাবা জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআইয়ের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।