সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগণা : আবারও বিএসএফের হাতে পাকড়াও চার বাংলাদেশি। সুত্র মারফত জানা গেছে, উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের হেমনগর এলাকা থেকে ছোট ডিঙি নৌকায় করে কালিন্দী নদী দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল ৪ বাংলাদেশী।
তবে তাদের উদ্দেশ্য সফলের আগেই পুলিশ তাদের পাকড়াও করে বলে জানা গেছে। পুলিশ সুত্রে খবর, সীমান্ত দিয়ে পার হবার সময় সীমান্তে কর্মরত সীমান্ত রক্ষী বাহিনীর জাওয়ানরা তাদের ধরে ফেলে। জানা গেছে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বাংলাদেশ প্রবেশকারীদের নাম আল-আমিন, মাসুরা বেগম, জাহাঙ্গীর আলম, টুম্পা পারভীন। জানা গেছে ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়।
বিএসএফ জওয়ানরা ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার হেম্নগর কোস্টাল থানার পুলিশ তাদের গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠায় বলে জানা গেছে।
