ওঙ্কার ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক জায়গায় ধস নেমেছ। মৃত একাধিক। বন্ধ বহু রাস্তা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। হোটেলগুলিতে আটক বহু পর্যটক। সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজনীতি সরিয়ে রেখে একসঙ্গে কাজ করার বার্তা। বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পাশাপাশি একই বার্তা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও।
বিবৃতি প্রকাশ করে কংগ্রেস সভাপতি বলেন, ‘উত্তরবঙ্গের বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে আমরা উদ্বিগ্ন। বহু জীবনহানি এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলা কংগ্রেস কমিটির সভাপতিদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। দুর্গতদের পাশে দাঁড়াতে। একই সঙ্গে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘প্রশাসনের কাছে আমাদের বক্তব্য, ত্রাণ বন্টনের ক্ষেত্রে কোনোরকম দলবাজি যেন না হয়, সে বিষয় নিশ্চিত করতে হবে। ‘এই দুর্যোগের সময় রাজনীতি করতে চাইনা।’
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সোস্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড় বিধ্বস্ত। এখনও পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তার কথা উল্লেখ করে শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। শমীক বলেন, এই দুর্যোগ আমাদের সকলের, এই শোক আমাদের সবার। কিন্তু আমরা হার মানব না।’ দলের কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
একই সুর বাম নেতা মহম্মদ সেলিমের গলায়। এই দুর্যোগ মোকাবেলায় কেন্দ্র ও রাজ্যকে এক যোগে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি সবাইকে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক।
