ওঙ্কার ডেস্ক: চলতি বছরে ভারতের তরফে একাধিক বার দাবি করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি বলে। এবার মার্কিন সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হল। মার্কিন বিদেশনীতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ এর পর্যবেক্ষণ ২০২৬ সালে ‘অপারেশন সিঁদুর ২.০’ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলার কারণে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত হতে পারে।
‘কনফ্লিক্টস টু ওয়াচ ইন ২০২৬’ শীর্ষক ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ এর রিপোর্টে দাবি করা হয়েছে, কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে, তার জেরে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। চলতি বছরে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে অতীতে মন্তব্য করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত নভেম্বরে লালকেল্লার কাছে গাড়ি থেকে বোমা বিস্ফোরণের পর সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিঁদুর-২ এর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘অপারেশন সিঁদুর-১ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি তা আমাদের শক্তিশালী করেছে। যে অভিজ্ঞতা অপারেশন সিঁদুর-২-তে ব্যবহার করবে সেনা।’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। সেই ঘটনার জবাবে গত ৭ মে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালায়। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ চার দিন ধরে চলার পর শেষ হয়। ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হয়।
