অর্পিতা মুখার্জী, কলকাতা: তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সরিষায় ওই কার্যালয়ে হানা দিয়ে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে ডায়মন্ড হারবার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করেই এই টাকার সন্ধান পাওয়া গিয়েছে।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানিয়েছেন, হেফাজতে নিয়ে সুমিতকে দীর্ঘ জেরা করা হয়। সেই জেরা থেকেই মেলে নির্দিষ্ট সূত্র। সেই সূত্র ধরেই সরিষায় তল্লাশি চালানো হয়।
শালবনির জমি-দুর্নীতির মামলায় আগে থেকেই জেল হেফাজতে ছিলেন সুমিত। এছাড়া কালীতলা আশুতি থানা এলাকায় মাটি চুরির মামলাতেও তাঁর নাম জড়িয়েছে। ওই মামলায় গত শনিবার তাঁকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আলিপুর আদালতে শোন অ্যারেস্টের আবেদন জানানো হয়েছিল। আদালত তাঁর ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কার্যালয়টি তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। তবে সেটি কে পরিচালনা করতেন, তা এখনও যাচাই করে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এই টাকার সঙ্গে কালীতলা আশুতি থানায় রুজু হওয়া মামলার যোগ রয়েছে।
সূত্রের খবর, কালীতলা আশুতি থানা এলাকায় সরকারি ও বেসরকারি জমি থেকে মাটি কেটে বিক্রি করা নিয়ে অভিযোগ জমা পড়েছিল। সেই ঘটনায় সুমিত-সহ অন্যদের বিরুদ্ধে মামলা রুজু হয়।
তবে দলীয় কার্যালয়ে এই বিপুল নগদ টাকা কেন রাখা হয়েছিল, কোথা থেকে এল, তা এখনও স্পষ্ট নয়। টাকার উৎস খুঁজতে আরও তথ্য সংগ্রহ করছে পুলিশ।