ওঙ্কার ডেস্ক: দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য শুক্রবার বিজেপির তরফে নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১৯ জানুয়ারি এই পদের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে। পর দিন অর্থাৎ ২০ জানুয়ারি, পদ্ম শিবিরের নতুন প্রধানের নাম ঘোষণা করা হবে।
বিজেপির ন্যাশনাল রিটার্নিং অফিসার কে লক্ষ্মণের তরফে প্রকাশ করা ওই নির্ঘন্ট অনুযায়ী, সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র ১৯ জানুয়ারি দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে জমা দিতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ওই একই দিনে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। মনোনয়নপত্রের নথি যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারি বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে। লক্ষ্মণ জানিয়েছেন, ‘প্রয়োজন হলে’ ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনেই নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলের সদর দফতরে নির্বাচন প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নীতিন নবীন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হতে পারেন। কারণ অন্য কোনো দলীয় নেতা এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে চাইছেন না বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের শীর্ষ নেতৃত্ব নবীনকে সভাপতি পদের জন্য সমর্থন করছেন।
উল্লেখ্য, বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি ২০২০ সালের ২০ জানুয়ারি থেকে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। তার আগে নাড্ডা ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত বিজেপির কার্যনির্বাহী সভাপতি ছিলেন।
