ওঙ্কার ডেস্ক: ভারতের পর এবার আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়াল পাকিস্তান। আফগানিস্তানের তালিবান সরকারের সেনাবাহিনী শনিবার রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে। রাত থেকে পাক আফগান সীমান্তে চলছে গোলাগুলি। ইসলামাবাদ ও কাবুল, উভয় পক্ষই দাবি করছে, তারা সফল হয়েছে।
উল্লেখ্য বর্তমানে ভারত সফরে রয়েছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এমনকি পাকিস্তানের উদ্দেশে বার্তাও দিয়েছেন তালিবান সরকারের মন্ত্রী। তাঁর সফরকালেই পাক আফগান সীমান্ত উত্তপ্ত হয়ে উঠল। শনিবার আফগান সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাবুলে পাকিস্তানের বাহিনী যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে আফগান বাহিনী প্রত্যাঘাত করেছে। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াত খোয়ারাজম জানিয়েছেন, পাকিস্তানে তালিবানের সেনা যে অভিযান চালিয়েছে তা সফল হয়েছে। আগামী দিনে যদি ইসলামাবাদ আগ্রাসন বন্ধ না করে তবে ফের যোগ্য জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার অভিযোগ ওঠে ইসলামাবাদের সেনা বাহিনী কাবুলে আকাশপথে হামলা চালিয়েছে। এমনকি আফগানিস্তানের রাজধানীর দক্ষিণ-পূর্ব এলাকায় পর পর দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগানিস্তানের তরফে অভিযোগ করা হয়, পাকিস্তান সরকার আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত করেছে। শনিবার রাতে তারই জবাব দিল তালিবান সরকার।
