ওঙ্কার ডেস্কঃ বড়দিন মানেই পার্ক স্ট্রিটে আলোর মেলা। অগুনতি মানুষের ভিড়। বছর শেষের আনন্দে মেতে ওঠে শহর কলকাতা। প্রতিবছরের মতো এই বছরও বিপুল জনসমাগমের আশঙ্কা রয়েছে পার্ক স্ট্রিটে। কোনোও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মোড়া হয়েছে পার্ক স্ট্রিট চত্বর। যান চলাচলের বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পণ্যবাহী গাড়ি চলাচল সীমিত করা হবে। একই নিষেধাজ্ঞা ২৫ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ফের কার্যকর করা হবে।
পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, রাসেল স্ট্রিট, লিটল রাসেল, কিড স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট, আরএকে রোড এবং উড স্ট্রিট নো-পার্কিং জোন এরিয়া হতে পারে। এছাড়া ভিক্টোরিয়া, জাদুঘর, নিউ মার্কেট, আলিপুর চিড়িয়াখানা, তারামণ্ডলসহ বেশ কিছু এলাকায় পার্কিং নিষিদ্ধ হতে পারে।
কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, এজেসি বসু রোড ধরে উত্তরমুখী, স্ট্র্যান্ড রোড ধরে পূর্বমুখী ও ধর্মতলা হয়ে দক্ষিণমুখী গাড়িগুলিকে প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে। ক্যামাক স্ট্রিটেও উত্তর থেকে দক্ষিণে একমুখী যান চলবে। রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে প্রবেশ বন্ধ থাকবে। পুলিশ প্রয়োজন হলে ক্যাথিড্রাল রোডেও গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারে।
পুলিশ সূত্রে খবর, ভিড় ও নিরাপত্তা সামলাতে ১৫০০-র বেশি পুলিশ মোতায়েন থাকবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাতঙ্কের অফিসাররা দায়িত্বে থাকবেন। সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, কুইক রেসপন্স টিম থাকবে এলাকায়। নজরদারির জন্য ড্রোন ও ওয়াচটাওয়ার বসানো হয়েছে। অ্যাম্বুল্যান্সও রাখা থাকবে।
