অর্পিতা মুখার্জী, কলকাতা: গাড়ির বকেয়া কর আদায়ে মালিকদের জন্য বড় স্বস্তি নিয়ে এল রাজ্য সরকার। নির্ধারিত সময়ের মধ্যে পুরো বকেয়া কর মিটিয়ে দিলে জরিমানার টাকা সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। পাশাপাশি মেয়াদ পেরিয়ে যাওয়া গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবীকরণের ক্ষেত্রেও অতিরিক্ত ফি-তে বিশেষ সুবিধা মিলবে। ব্যক্তিগত ও বাণিজ্যিক, দু’ধরনের গাড়ির মালিকরাই এই প্রকল্পের আওতায় আসবেন।
গতকাল অর্থাৎ, সোমবার পরিবহণ দপ্তরের তরফে ‘এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭’ চালুর কথা জানানো হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই তা কার্যকর হয়েছে এবং চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ হাতে রয়েছে ৩৮ দিন। মূল কর জমা দিলেই আর কোনও জরিমানা দিতে হবে না।
ফিটনেস সার্টিফিকেট নবীকরণের ক্ষেত্রেও বাড়তি সুবিধা রাখা হয়েছে। বর্তমান নিয়মে মেয়াদ শেষ হওয়ার পর প্রতিদিন ৫০ টাকা করে অতিরিক্ত ফি দিতে হয়। নতুন প্রকল্পে সেই নিয়মে বদল আনা হয়েছে। মেয়াদ শেষের পর ৩০ দিনের কম দেরি হলে প্রতিদিন ৫০ টাকা করেই দিতে হবে। কিন্তু দেরি ৩০ দিন বা তার বেশি হলে অতিরিক্ত ফি হিসেবে এককালীন ১,৫০০ টাকা দিলেই হবে।
তবে এই ছাড় পেতে কিছু শর্ত মানতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট গাড়ির সব প্রযোজ্য কর ও ফি জমা দিতে হবে। একই সঙ্গে ফিটনেস সার্টিফিকেট নবীকরণের পুরো প্রক্রিয়াও ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। শুধু আবেদন করলেই এই সুবিধা মিলবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
প্রকল্প চালু করতে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু করেছে পরিবহণ দপ্তর। অনলাইনে এই ছাড় পাওয়া যায়, তার জন্য ‘বাহন’ সফটওয়্যারে প্রয়োজনীয় বদল আনার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সব আরটিও ও এআরটিও অফিসকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিবহণ দপ্তরের বক্তব্য, গাড়ির মালিকদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি বকেয়া কর আদায় এবং মেয়াদোত্তীর্ণ নথি নবীকরণে উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ। সময়ের মধ্যে কর ও ফি মিটিয়ে এই সুযোগ নেওয়ার জন্য মালিকদের কাছে আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, জরিমানাসহ বকেয়া করের পরিমাণ কয়েকশো কোটি টাকা। এ নিয়ে রাজ্য সরকার গাড়ির মালিকদের চিঠি দিলেও কর জমা দেওয়ার ক্ষেত্রে তেমন সাড়া মেলেনি। মালিকরা জরিমানা মকুবের দাবি জানিয়ে আসছিলেন। সোমবার সেই দাবিই মেনে নিল রাজ্য। পরিবহণ দপ্তরের এই সিদ্ধান্তে খুশি বাস, ট্রাক, ট্যাক্সি, ক্যাব ও পুলকার সংগঠনগুলি।