ওঙ্কার ডেস্ক: ‘অপারেশন সিঁদুর বিশ্বকে ভারতের শক্তি দেখিয়েছি।’ উত্তরপ্রদেশের কাশীতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শনিবার এই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এদিন কংগ্রেস-সহ বিরোধীদের নিশানা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভারত আক্রমণ করবে তাদের রেহাই দেওয়া হবে না, এমনকি পাতালে গেলেও রেহাই পাবে না।’ এই অভিযান নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী।
মোদী বলেন, ‘অপারেশন সিঁদুর সফল হওয়ায় দেশের মধ্যে অনেকে ব্যথা পাচ্ছেন। কংগ্রেস দল এবং তার বন্ধুরা মেনে নিতে পারছে না যে ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ঠিকানা গুঁড়িয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কী ভাবে আমাদের ড্রোন, আমাদের মিসাইল নিখুঁত ভাবে সন্ত্রাসের হেড কোয়ার্টারকে খণ্ডহার বানিয়ে দিয়েছে। পাকিস্তানের সমস্ত এয়ারবেস আজও আইসিইউতে পড়ে রয়েছে। পাকিস্তান কষ্টে আছে এটা সবাই জানে। কিন্তু পাকিস্তানের এই কষ্ট কংগ্রেস ও সমাজবাদী পার্টির সহ্য হচ্ছে না।’
এদিনের কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস সেনার পরাক্রমকে আক্রমণ করেছে। তাঁর কথায়, ‘কংগ্রেস আমাদের সেনার পরাক্রমকে লাগাতার আক্রমণ করেছে। কংগ্রেস অপারেশন সিঁদুর অভিযানকে তামাশা বলেছে। আপনারা বলুন, সিঁদুর কোনও দিন তামাশা হতে পারে? সিঁদুরকে কেউ কোনও দিন তামাশা বলতে পারে?’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জনকে খুন করে। সেই ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ উঠেছিল। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। ভারতের সেনা বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল।
