স্পোর্টস ডেস্ক : মেয়েদের জন্য গর্বিত দেশ। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রী্র বাসভবনে দেখা করলেন হরমনপ্রীত সহ গোটা বিশ্বজয়ী মহিলা দল। প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন স্বপ্নের ‘বিশ্বকাপ’। শুধু দেখা বা সৌজন্য বিনিময় নয়, রীতিমতো ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন প্রধানমন্ত্রী।
লোক কল্যাণ মার্গে আয়োজিত এই অনুষ্ঠানে মোদী দলের প্রত্যেক সদস্যকে অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানান। হরমনপ্রীতদের মুখে প্রায় দু’ঘণ্টার আলাপচারিতায় বিশ্বজয়ের গল্প ও বিশেষ মুহূর্তগুলির কথা শোনেন প্রধানমন্ত্রী। ফাইনালে আমানজোত কৌরের বিখ্যাত ক্যাচ নিয়েও কথা হয়। প্রধানমন্ত্রী বলেন, ক্যাচ ধরার সময় নিশ্চয়ই তুমি বল দেখছিলে, কিন্তু ক্যাচ ধরার পর অবশ্যই তোমার ট্রফি দেখা উচিত। যখনই আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল হয়েছে, ক্রীড়াবিদদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিতে ভুল করেননি প্রধানমন্ত্রী। তা সে অলিম্পিকের সাফল্য হোক বা দাবা। এ বার মহিলা বিশ্বজয়ীদের সঙ্গে দেখা করেও আরও এগিয়ে যাওয়ার জন্য উত্সাহিত করলেন।

ভারতীয় ক্রিকেটারদের তরফে সকলের সই করা একটি জাতীয় দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। অধিনায়ক হরমনপ্রীত কৌর এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের আগের সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আগেরবার যখন আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তখন হাতে ট্রফি ছিল না। কিন্তু এবার আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি।’
