মধ্যবর্তী কাচের দেয়াল
লায়লা সাবিকুন নাহার
কাচের দেয়ালের বাইরে থেকে দেখি তোমার
কুমারী শরীরে কল্পনায় প্রেম আঁকে।
জোছনার মতো ঝ’রে পড়ে হাসি,
তোমার বর্ণময় দৃষ্টি অনেক অনেক কথা বলে।
কাচের ওপর ফিরিয়ে দাও তোমার মনোরম
নীলবর্ণ আলোর সংকেত, মাঝখানে দাঁড়িয়ে
আছে সহজ ভঙ্গুর কাচের দেয়াল।
তোমার নরম হাতের তালু থেকে পরিবহন হয়
কত চিঠি কত দপ্তরে, কত ভুল ঠিকানায়
একটি চিঠিও কি ভুল করে আমার হতে পারত না?
কোথায় এই মহীয়সী নারীর ঠিকানা?
মনের ভিতর শুধু স্বপ্ন বুননের মতো জিজ্ঞাসা।
খুব ইচ্ছা করে তোমার সাথে পথ হাঁটতে,
আমার অপেক্ষা? সে তো গোটা শহর দেখেছে
আমি তোমাকে স্পর্শ করতে পারিনি
মধ্যবর্তী ভঙ্গুর কাচের দেয়াল অন্তরায় আমাদের
অনিমেষ দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখেছি তোমায়
আজও ভাঙতে পারলাম না সেই কাচের দেয়াল।