দোল
শুভাশিস হালদার
জীবনের বেশ কিছু ক্ষত থাকে
যা সযত্নে লুকিয়ে রাখতে হয়,
রাকা ও তো রাখতে পারেনি ঢেকে
অমেয় জন্মক্ষত তার,
ক্ষুধার আগুনে পুড়ে যায় খোঁজের ঠিকানা ,
মনের ক্ষত টুকু ঠোঁটের অক্ষরে ঢাকো
আজ তোমাকে রঙীন করে দিতে হয়
তাই ক্ষত খুঁড়ে আলো এনেছি একমুঠো,
জানি প্রাক যৌবনের আবেগ থাকবে না
তবু থিতিয়ে পড়া ছাতিমের নির্যাস রেখেছি,
জানি কৈশোরের জেদ নেই , কেবল ক্ষত আছে
সযত্নে লুকিয়ে রাখা ভালোবাসা গুলো থাক,
বৃন্দাবনে নূপুরের ব্যাথাতুর নিক্কন
লুকানো আছে গুল্মের শিকড়ে শিকড়ে
থাক সেই ব্যাথা, একদিন সে আশ্চর্য প্রদীপ হবেই।