লক্ষ্মী-অলক্ষ্মী
লিপি চৌধুরী
ধানের শীষে বাঁধা থাকে লক্ষী ঘরের শ্রী
সেই ঘরেরই কমলা নাকি কুলোটা নারী।
লক্ষীবারে সিঁথির সিঁদুর চানের জলে ধুয়ে
মৃদুমন্দ বাতাসে সতী যায় অভিসারে ।
রোজ রাতে তার সোহাগ বদল, দেবী বিসর্জন
ভাতের থালায় শিউলি ফোটায় অলক্ষ্মীর ধন।
কোজাগরী জ্যোৎস্না ছুঁয়ে উজাগর রাত
কাল পেঁচা খুঁটে খায় পূর্ণিমার চাঁদ।
কমলা ফিরিলে ঘরে প্রদীপ নিভে যায়
সাধু পুরুষ পাঁচালী গায় অকথ্য ভাষায়।
আবাহনে বাজেনা কাঁসর লক্ষ্মী চঞ্চলা
চিন্ময়ী লক্ষ্মী ভাসান লাশ কাটা ছেঁড়া।
দিন বদলের দিনে লক্ষ্মী পুঁথি হাতে চলে
ঘরে ঘরে অলক্ষ্মীই গার্গী হয়ে ওঠে।