ঋতুজ
শমীক জয় সেনগুপ্ত
সারাদিন সময় পাইনি
তাই কিছু হয়ে ওঠেনি লেখা
একেক সময় মনে হয়
কী হবে– এত লোককে বুঝতে দিয়ে
সত্যি বলতে কী
আরো কিছু অন্ধকারে সাঁতরে বেরাবো
হাতড়েও পার হব হয়তো এক আলোকবর্ষ
একেক সময় মনে হয়
ঐ জানলাটা, মাথার ঠিক পাশের জানলাটা
এখন আর খুলি না
আলো এসে চোখ ধাঁধিয়ে দেয়
হাওয়া এসে উড়ুক্কু করে দেবে ভাব ভঙ্গি যত
বৃষ্টি আমার অশ্রুকেও ভিজিয়ে দিয়ে যাবে
ভারি বিশ্রী ব্যাপারস্যাপার
এ সব ভাবতে ভাবতে
তোমার জন্মদিন থেকে কখন না জানি
আমার জন্মদিন এসে হাজির হবে আর…
আরও কোন গুণমুগ্ধ এসে
উপহারের তুমিকে এনে ভরে দেবে আমারই ঝুলিতে
অদৃশ্য নেক নিয়ে এগিয়ে যাবে আরও একটি শরৎকাল
আমাদের জন্মমাস আলাদা হলেও
এক ঋতু বহতায় ছাপ ছেড়ে গেছে