অলীক সভ্যতা
উদয়শঙ্কর বাগ
যুদ্ধের ভিতর বিপন্ন আকাশ
মঠ-মন্দির-মসজিদ-গির্জা ——–
পোড়া-বারুদে চূর্ণ-বিচূর্ণ,
নির্বাক ভগবান নিশ্চিহ্ন!
সূর্যের লালিমায় কালো কালো ধোঁয়া
ধ্বংসের কিনারে
সাদা পায়রার ছাই উড়ে পড়ে!
নেতাদের আস্ফালন ——–
কত নতুন পৃথিবীর স্বপ্ন দাউ দাউ সাদা ছাই!
চাঁদ-সূর্যের নিয়মে শুধু বেঁচে থাকা লোকের
নিরীহ মাংসপিণ্ড দলাপাকা পিচের মতো
এলোমেলো পড়ে থাকে!
পর্যটনের ভিতর নব দম্পতি
গোপন গভীর সোহাগে নিবিড়, ——-
সহসা যুদ্ধের বোমা এসে পড়ে
কাঙ্ক্ষিত মানব-বীজের লীলা সাঙ্গ করে!
যুদ্ধের সাইরেনে স্তব্ধ সাদা পায়রার মৃদু স্বর!
আজও সেই বর্বরতার ভিতর
শুধু বেঁচে থাকি অলীক সভ্যতায়!