লাল দিগন্ত
সাতকর্ণী ঘোষ
অনুষ্ঠান রেখে যদি চলে যেতে হয়
তার চেয়ে অন্ধকার আর নেই
আলো আসে আলো যায়
গোধূলির ধুলো ওড়ে গরুদের পায়
এত সাজসাজ রব নদীজল কোলাহল
তরঙ্গ বাতাস নীল আকাশ শরৎ ডাকছে
কাশেদের সাদা শান্তি রক্ত তুলে ফেলছে
তবুও যুদ্ধ থামছে না ভেতরে এবং বাইরে
অস্ত্র সব অশ্রু হয়ে দশ হাতে ঝরছে
শিউলির পাপড়িদল ভেঙে ভেঙে পড়ছে
একটা বোধনের জন্য আমাদের জন্ম অপেক্ষা
মৃত্যুর মতো আলো আর নেই
বিসর্জনের ঢাক বেজে উঠলেই পায়ে পায়ে ছন্দ খেলা করে
চোখ তবে কেন ভার হয় আকাশে মেঘ নেই একটুও
অনুষ্ঠানে বসে আছি আজন্মকাল
উঠে যাব মঞ্চে হাততালি উঠবে শুভ এবং অশুভর
মাইক্রোফোনের শব্দ যতদূর যাবে
বলে যাব যত কথা তার চেয়েও বলব গোপন অন্ধকার