মগ্ন মৈনাক
শ্রী সদ্যোজাত
আনন্দটুকু নেবে চোখের জলের স্নেহাশিষটুকু
নেবেনা….তা কি করে হয়..?
তোমার পশ্চিমের অপর্যাপ্ত স্থলভাগ ছুঁয়ে কানায় কানায় ভর্তি জল শুধু জল…
ঝড়বৃষ্টির এই রাতে তুমি পথ হারাতে পারো,
প্রথম সকাল হলেই আমি তোমায় পৌঁছে দেব ঘাটে, চিন্তা করোনা,
সামান্য এই সময়টুকুতে কত শঙ্কা কত অজানা সঙ্কেত এসে ভিড় করেছে তোমার মুখের দক্ষিণ ভাগে,
একটা ছোট্ট শীতলপাটির ব্যবস্থা করেছি,একটু শুয়ে পড়ো,
বাইরে প্রচুর হওয়া বইছে,পারলে জানালাটা বন্ধ করে দিও,
তুমি না চাইলে মোমের আলো নিভবে না,
মাথার ধারে এক ঘটি জল রেখেছি,
এবার আমি আসলাম …..সদরে খিল দিয়ে দাও,
দেখে আসি ঘাটের অবস্থাটা,
সকাল হলেই তুমি চলে যাবে,
আমি হেঁটে হেঁটে পথ তৈরি করে নিই….
রাত্রি পথের আহ্নিকটা যে এভাবেই সারতে হয়
তুমি তো কমবেশি সবটাই জানো,
ঘরভোলা মানুষগুলো শূন্যপথের কাঙাল,
কাঁচামাটি রঙে স্বস্তিকা আঁকা নৈবেদ্যটি অজানা নদীমুখে দিগ্বিদিক ভেসে বেড়ায়,
মগ্ন মৈনাক দুচোখ বন্ধ করে আছে তোমার এলোমেলো নীলকণ্ঠ ঠোঁট ছুঁয়ে