হলুদ থেকে নীল
সুচিতা সরকার
তারপর
সারা দুপুর ধরে
আকাশের গা বেয়ে ঝোরলো
সোনালী রোদ্দুর।
মেঘ সবটুকু বৃষ্টি নিঙরে দিয়ে
সেই কবে চলে গেছে।
নদী অবশ্য সব বৃষ্টি পায় নি।
ক্ষত-বিক্ষত শরীরটাকে নিয়ে
নিরুত্তাপ এগিয়ে চলেছে।
বাক্যহীন, দৃষ্টিহীন, আবেগহীন।
দিক নির্ণয় করার ক্ষমতা ওর নেই।
তাই বলে থেমে যাওয়া !
নুড়ি-পাথরের ক্রমাগত ঘষায়,
বুকটা ছাড়খার তবু-
কিছু পলির প্রলেপ এখনও স্বপ্ন দেখায়।
হয়তো, কোনো এক মোহনায়
হলুদ শরীরটা আবার নীল হবে !