তোমাকে খুঁজতে গিয়ে যে শহর হারিয়ে ফেলেছি
তৌফিক জহুর
তোমার চুলের গন্ধ একটা সন্ধ্যার কাঁধে চেপে
আমার জানালার কাঁচে এসে লিখেছিল
আজ রাতে পৃথিবী অন্যরকম হবে
দরজা খুলে দেখি
বাইরে কোনো রাস্তা নেই
একটি নদী দাঁড়িয়ে আছে দুপায়ে
তার চোখে ভাসছে পুরোনো কয়েকটি নৌকা
নৌকাগুলোর ভেতর বসে আছে কিছু অচেনা মেয়ে
প্রত্যেকের হাতে একটি করে আয়না
আশ্চর্য্য প্রতিটি আয়নায় আমার মুখ
একটি আয়না কিনে বাড়ি ফিরলাম
দেখলাম আমার ঘরের দেয়ালগুলো
ধীরে ধীরে তোমার চুল হয়ে যাচ্ছে
ছাদ থেকে ঝরে পড়ছে কালো জ্যোৎস্না
মধ্যরাতে
একটি ট্রেন এসে থামল আমার বুকের ভেতর
না, কোনো যাত্রী নামলো না
শুধু জানালার কুয়াশায় একটি বাক্য ফুটে উঠলো
যাকে এতদিন খুঁজছ, সে তো তোমার ভিতরেই বসে আছে
সেই থেকে প্রতিদিন
নিজের ভেতর একটি নতুন শহর বানাই
শহরের সব রাস্তা হেঁটে যায় তোমার দিকে
প্রতিটি রাস্তার শেষে
একটি দরজা খুলে যায় শূন্যতার দিকে
সেখানে তোমাকে দেখি
দাঁড়িয়ে আছো চুপচাপ
তোমার হাতে পেয়ারা ভর্তা বাটির ভেতর দেখি
আমার হারিয়ে যাওয়া শৈশব
এলোমেলো বাতাসে তোমার চুল থেকে উড়ে আসে
একটি অসমাপ্ত পৃথিবীর গন্ধ