ওঙ্কার ডেস্ক: দুই জন দলের। এক জন রাজ্যের শাসকদলের বিধায়ক, আরেকজন প্রাক্তন বাম সাংসদ। রাজনৈতিক ভাবে ভিন্ন মতের হলেও সৌজন্যের নজির তৈরি করলেন সুজন চক্রবর্তী এবং লাভলি মৈত্র। শনিবার রাখি বন্ধনের দিন সোনারপুরের তেমাথায় সুজনের হাতে রাখি বাঁধলেন বিধায়ক লাভলি মৈত্র। শাসক ও বিরোধী দলের দুই নেতা নেত্রীর মধ্যে এই সৌজন্যকে প্রশংসা করছেন সাধারণ মানুষ।
পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দফতর ও সোনারপুর ব্লকের উদ্যোগে শনিবার আয়োজিত হয় রাখিবন্ধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে পথচলতি মানুষকে রাখি পরাচ্ছিলেন বিধায়ক লাভলি মৈত্র। সেই সময় গাড়িতে চেপে যাচ্ছিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। বাম নেতাকে দেখে এগিয়ে যান লাভলি। গাড়ির মধ্যে তখন বসে রয়েছেন সুজন চক্রবর্তী। পরস্পরকে দেখে হেসে কথা বলেন দুজনে। এরপর রাখি পরানোর জন্য প্রস্তাব দেন লাভলি। আর তাতেই রাজি হন সুজন। বাম নেতার হাতে রাখি পরিয়ে দিয়ে তাঁর সুস্থতা কামনা করেন সোনারপুর দক্ষিণের বিধায়ক।
পাশাপাশি, সুজন চক্রবর্তী এদিন বলেন, রাখি বন্ধনের দিনে বোন ভাইয়ের মঙ্গল কামনা করেন। আর ভাই বোনের সুরক্ষার দায়িত্ব নেয়। রাজনীতি আমাদের পেশা হলেও সম্পর্ক মানবিক। এদিন বাম নেতা ও তৃণমূল বিধায়কের সৌজন্যের ছবি দেখে উচ্ছ্বসিত উপস্থিত মানুষজন। তাঁদের কেউ কেউ বলেন, এটাই বাংলার সংস্কৃতি। রাজনৈতিক মতভেদ থাকলেও রাখি বন্ধন সমস্ত সীমানা পেরিয়ে হৃদয় ছুঁয়েছে।
