অর্পিতা মুখার্জী, কলকাতা: দিল্লি আর দূষণ, বর্তমান পরিস্থিতিতে এই শব্দ দুটো যেন ক্রমেই সমার্থক হয়ে উঠছে। গতকাল দীপাবলির রাতে সুপ্রিম কোর্টের নির্দেশ, বিধিনিষেধ, সতর্কতা — সবই যেন বাজির ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল। আতশবাজির দাপট কমানোর যেমন কেউ ছিল না, তেমনই দূষণের আসল ছবিটা মানুষের সামনে তুলে ধরতেও যেন ‘ব্যর্থ’ হল দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলি।
বরং অভিযোগ, দূষণের মাত্রা যখন সবচেয়ে বেশি বাড়ছিল, ঠিক তখনই দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির (ডিপিসিসি) ওয়েবসাইটে একের পর এক স্টেশনের লাইভ তথ্য বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আচমকা এই বিভ্রাটের কারণ কী, তা নিয়ে উঠছে প্রশ্ন।
দীপাবলির সন্ধ্যায় রাজধানীর বহু এলাকায় দূষণ গ্রহণযোগ্য মাত্রার কয়েক গুণ উপরে উঠে গিয়েছিল। রাত ৯টা পর্যন্ত সবচেয়ে দূষিত এলাকাগুলির মধ্যে ছিল আর কে পুরম এবং লাজপত নগরের কাছে নেহরু নগর। ততক্ষণ পর্যন্ত রিয়েল-টাইম তথ্য ঠিকঠাকই আসছিল। দেখা যাচ্ছিল, কীভাবে দূষণের গ্রাফ হু হু করে উপরের দিকে উঠছে।
কিন্তু তার পরেই আচমকা ডিপিসিসির ওয়েবসাইটে আর কে পুরম, নেহরু নগর, মুন্ডকা, সোনিয়া বিহার এবং দ্বারকার মতো স্টেশনগুলির লাইভ তথ্য দেখা বন্ধ হয়ে যায়। পরের কয়েক ঘণ্টা আর কোনও তথ্য মেলেনি। তবে আবাসিক এলাকার স্টেশনগুলি তথ্য দেওয়া বন্ধ করে দিলেও কম দূষিত এলাকার কয়েকটি স্টেশন চালু ছিল। আর সেখানকার তথ্যই বুঝিয়ে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বাজির দূষণ থেকে কতটা অসহায় ছিল প্রশাসন।
যেমন দক্ষিণ দিল্লির তুলনামূলক কম জনবহুল এলাকা জেএনইউ। রাত ৮টা পর্যন্ত সেখানে পিএম ২.৫-এর মাত্রা ছিল ১৬১ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার। সেই একই সময়ে পাশের আর কে পুরমে এই মাত্রা ছিল তার তিন গুণেরও বেশি — ৫০৪ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার। রাত ৯টায় আর কে পুরমের তথ্য যখন শেষবার দেখা যায়, তখন পিএম ২.৫ পৌঁছে গিয়েছিল ৯২৪ মাইক্রোগ্রামে। অর্থাৎ মাত্র এক ঘণ্টায় প্রায় দ্বিগুণ।এরপর আর কে পুরমের তথ্য আর পাওয়া যায়নি। কিন্তু জেএনইউ-এর তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছিল। দীপাবলির রাত ১১টায় সেখানে পিএম ২.৫ পৌঁছে যায় ৭৮৬-তে। রাত ৮টার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
অর্থাৎ, যে স্টেশনগুলি তথ্য দিচ্ছিল, তারাই প্রমাণ করে দিচ্ছে — নির্দেশ কার্যকর হয়নি, আর দূষণ যখন চরমে, ঠিক তখনই গুরুত্বপূর্ণ স্টেশনগুলির তথ্য বন্ধ হয়ে গিয়েছে।
যাঁরা প্রতি বছর দিওয়ালির সন্ধ্যায় এই ওয়েবসাইটে নজর রাখেন, তাঁদের কাছে এই ঘটনা নতুন নয়। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দূষণের সন্ধ্যায় সাধারণ মানুষকে তথ্য না দেওয়াটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ডিপিসিসি পরিচালিত এই ওয়েবসাইট দিল্লি সরকারের পরিবেশ দফতরের অধীনে। আগের বছরগুলির দিওয়ালির সন্ধ্যাতেও একইভাবে তথ্য দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই বছরও সেই ধারা বজায় রইল।
তথ্য না পাওয়ার কারণ হিসাবে সংস্থাগুলি সাধারণত ‘যান্ত্রিক ত্রুটি’-র কথা বলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই যান্ত্রিক ত্রুটি বার বার ঠিক সেই সময়েই দেখা দেয়, যখন দূষণ সবচেয়ে বেশি। ফলে দূষণের আসল ভয়াবহ ছবিটা সরকারি রেকর্ডেও থাকল না। প্রশ্ন উঠছে, তবে কী দূষণ রোধের চেষ্টায় ব্যাহত হয়ে তথ্য গোপনেই কী বাজিমাত করল সংস্থাগুলো?