ওঙ্কার ডেস্ক: কৃষকদের স্বার্থ সবার আগে। তাই অন্নদাতাদের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না বলে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের পণ্যে আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারতের পণ্যে মোট ৫০ শতাংশ কর চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের সেই চাপের মুখে মাথা নত করা হবে না বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করা হবে না। তাঁর আশঙ্কা, হয়তো এই নীতির জন্য তাঁকে ‘মূল্য চোকাতে হবে’, তবু কৃষকদের স্বার্থে তিনি তা করতে প্রস্তুত। তাঁর কথায়, ‘কৃষকদের স্বার্থ আমাদের কাছে সবার আগে। ভারত কখনই দেশের কৃষক, পশুপালনকারী এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমি জানি, এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য চোকাতে হবে, কিন্তু আমি তা চোকাতে প্রস্তুত আছি। দেশের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকদের স্বার্থরক্ষায় ভারত সব সময় প্রস্তুত।’
উল্লেখ্য, ভারতের পণ্যে আগেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি জানান, রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য করার কারণে এই দেশের পণ্যের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। অর্থাৎ ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে এবার মার্কিন যুক্তরাষ্ট্র। এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করে মার্কিন প্রেসিডেন্ট জানান, ২১ দিন পর থেকে এই নয়া হারে শুল্ক কার্যকর হবে।
