অর্পিতা মুখার্জী, কলকাতা: দীর্ঘদিনের দাবিতে অবশেষে সবুজ সঙ্কেত মিলল বলে মনে করছেন বেসরকারি বাসমালিকরা। পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছেন, ভাড়া বাড়ানো দরকার। তবে কতটা বাড়বে, কবে থেকে কার্যকর হবে — সবটাই ঠিক হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার পর।
রাজ্যজুড়ে বেসরকারি বাসের মালিকরা অনেকদিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবি তুলছেন। মন্ত্রীর কথায়, সেই দাবি অযৌক্তিক নয়। তাঁর মতে, ডিজেলের দাম বেড়েছে, চালক-কর্মীদের বেতন বেড়েছে। এই পরিস্থিতিতে আগের ভাড়ায় পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন। তাই যাত্রীদের ভাল পরিষেবা দিতে হলে ভাড়া যুক্তিসঙ্গতভাবে বাড়াতেই হবে।
তবে মালিকদের তরফে ওঠা একটাই দাবি — বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১৮ টাকা করা হোক — এখনও চূড়ান্ত হয়নি। মন্ত্রী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এর আগে ‘অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি’ মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়ে রোজের খরচের হিসাব দেখিয়েছিল। তাঁদের বক্তব্য, ২০১৮ সালে শেষবার ভাড়া বেড়েছিল, তখন ডিজেলের দাম ছিল লিটারে ৬৮ টাকা। এখন তা ছুঁয়েছে ১০০ টাকা। ফলে বাস চালাতে গিয়ে এখন প্রায় ৬৯ শতাংশ লোকসান হচ্ছে।
মন্ত্রীর এই মন্তব্যের পর খুশি মালিক সংগঠন। সিটি সাব-আর্বান বাস সার্ভিসের টিটু সাহার বক্তব্য, সরকার নীতিগতভাবে ভাড়া বাড়ানোর কথা ভাবছে, এটা ইতিবাচক। মন্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনা ভাল হয়েছে। দ্রুত সরকারের তরফে ভাল খবর আসবে বলেই আশা করছেন তাঁরা।