ওঙ্কার ডেস্ক: বচসার সময় প্রেমিকাকে হোটেলের তিনতলার জানলা থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও পরে তা খুনের মামলা হিসাবে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, মৃতার নাম ঐশ্বর্য। কর্নাটকের হাসানের বাসিন্দা ছিলেন তিনি। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।
পুলিশ সূত্রে খবর, ঐশ্বর্য ও অভিযুক্ত সন্তোষ সম্পর্কে ছিলেন। তাঁদের বিয়ে করার পরিকল্পনাও ছিল। কিন্তু সন্তোষ বারবার বিয়ে পিছিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ। তদন্তকারীদের আরও অভিযোগ, সন্তোষের কাছে ঐশ্বর্যের ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো ছিল। তা দিয়েই তিনি ঐশ্বর্যকে হুমকি দিতেন। তাঁর সঙ্গে দেখা করার জন্য চাপ দিচ্ছিলেন বলেও অভিযোগ।
১৯ নভেম্বর ঐশ্বর্য বাড়িতে জানিয়েছিলেন, তিনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। পরে বেঙ্গালুরুর একটি লজে সন্তোষের সঙ্গে দেখা করেন তিনি। পুলিশের দাবি, দু’জনে সেখানে ঘর ভাড়া নেন এবং মদ্যপান করেন। পুলিশের তদন্ত অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় দু’জনের মধ্যে বচসা বাধে। সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঐশ্বর্য সন্তোষকে বলেন, তাঁকে না সন্তোষ, না তাঁর পরিবারের লোকেরা বিশ্বাস করে।
বচসার সময় ঐশ্বর্য নাকি বলেছিলেন, তিনি নিজের জীবন শেষ করে দেবেন। ওই আধিকারিকের দাবি, জবাবে সন্তোষ বলেন, ‘‘যা খুশি করো’’। তারপর হাত দিয়ে তাঁকে ঠেলে দেন বলে অভিযোগ। ঐশ্বর্য ভারসাম্য হারিয়ে লজের জানলা দিয়ে নিচে পড়ে যান। একটি বৈদ্যুতিক খুঁটির উপর পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরে তাঁর মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে নাকি দেখা গিয়েছে, ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে এক মহিলা ওই ভবন থেকে পড়ে যাচ্ছেন।
প্রথমে পুলিশ ঘটনাটিকে সন্দেহজনক আত্মহত্যা হিসাবে নথিভুক্ত করে। কিন্তু তদন্তে নাকি এমন প্রমাণ মেলে, যাতে মনে হয় ঐশ্বর্যকে তিনতলার জানলা থেকে ঠেলে ফেলা হয়েছিল। ঐশ্বর্যের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্তোষকে গ্রেফতার করেছে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। খুনের মামলা হিসাবে ঘটনার তদন্ত চলছে। মৃত্যুর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে।