ওঙ্কার ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে আত্মঘাতী বিস্ফোরণের প্রশংসা করল পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হ্যান্ডলার। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের প্রশংসা করার পাশাপাশি অনেককে হুমকি দিয়েছে ওই হ্যান্ডলার। গত বছর বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গি গোষ্ঠী। সেই মডিউলের হ্যান্ডলার ভিডিওতে দাবি করেছে, মুসলমানরা হামলার লক্ষ্যবস্তু ছিল না।
জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মতো পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠনগুলি দ্বারা পরিচালিত ডার্ক-ওয়েব চ্যানেলগুলি থেকে একটি ভিডিও বার্তা উদ্ধার হয়েছে। ৫ মিনিট ৩৫ সেকেন্ডের সেই ভিডিওতে যাকে কথা বলতে শোনা গিয়েছে সে ৪১ বছর বয়সী ওস্তাদ ফারহাতুল্লাহ ঘৌরি ওরফে শহীদ ফয়সাল বলে দাবি সূত্রের। কর্নাটকের বাসিন্দা ফয়সাল ২০১২ সালে সৌদি আরবে যায়, সেখান থেকে পাকিস্তানে চলে যায়। পাকিস্তানের মাটি থেকে জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবার হয়ে কাজ করেছে ওই সন্দেহভাজন। শুধু তাই নয়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও ঘনিষ্ঠ ভাবে কাজ করেছে সে।
ভিডিওতে, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের মূল হোতা ফয়সালকে দিল্লির আত্মঘাতী বোমা হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। যে হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন মুসলিমও রয়েছে। কিন্তু ওই জঙ্গির দাবি, মুসলিমরা হামলার লক্ষ্যবস্তু ছিল না। তবে দিল্লিতে কারা এই হামলা চালিয়েছে, তা না জানার দাবি করে ফয়সাল। তার যুক্তি ‘অবিচারের’ ফল এটি এবং আরও অনেক এমন ঘটনা ঘটবে।
