প্রদীপ মাহাতো, পুরুলিয়া : সাত সকালে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল নয় জন বরযাত্রীর। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের বলরামপুরের নামশোলে। জানা গেছে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী দের নিয়ে একটি বোলেরো গাড়ি পুরুলিয়ার দিক থেকে বলরামপুরের দিকে আসছিল । সেই সময় হঠাৎ করেই জামশেদপুরের দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ট্রেলার। ওই ট্রেলারের মুখোমুখি ধাক্কাতে ছোটো চার চাকা গাড়িটি উল্টে যায়। ভয়াবহভাবে দুমড়ে মুছরে যায় ওই গাড়িটি। অন্যদিকে দুর্ঘটনার জন্য রাস্তার ধারে উল্টে যায় স্পঞ্জ আয়রন বোঝাই ট্রেলারটি ও। স্থানীয় সূত্রে জানা গেছে এরপরই স্থানীয় এলাকাবাসীরা ওই গাড়ি থেকে মোট নয় জন যাত্রীদের বার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
