অর্পিতা মুখার্জী, কলকাতা: এতদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন, জল্পনা, কানাঘুষো। সবকিছুকে এক মুহূর্তে উড়িয়ে দিলেন অভিষেক বচ্চন আর ঐশ্বর্যা রায় বচ্চন। ৫ নভেম্বর মুম্বইয়ে পোশাকশিল্পী মণীশ মলহোত্রের দীপাবলির পার্টিতে একসঙ্গে হাজির হলেন তারকা দম্পতি। শুধু একসঙ্গে আসাই নয়, একে অপরের হাতে হাত রেখে অনুষ্ঠানে ঢুকলেন তাঁরা।
সেদিনের আসরে ছিলেন অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, করিনা কাপুর খান, সইফ আলি খান, কাজল, জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা। কিন্তু সবার নজর ছিল অভিষেক-ঐশ্বর্যার দিকে। গতকাল অভিষেকের পরনে ছিল কালো শেরওয়ানি। আর ঐশ্বর্যা সেজেছিলেন টকটকে লাল শাড়িতে, তাতে সোনালি পাড়। লাল গালিচায় একসঙ্গে ছবি তোলেন দু’জনে।
মজার বিষয় হল, আলোকচিত্রীরা তাঁদের একক ছবি তোলার জন্য অনুরোধ করলেও তাতে রাজি হননি দম্পতি। বরং দু’জনে একসঙ্গেই ছবির জন্য দাঁড়ান। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ছবি ও ভিডিও। এক অনুরাগী লিখেছেন, দু’জনকে একসঙ্গে এত খুশি দেখে ভালো লাগছে। কারও মন্তব্য, ২০০৮ সালের সেই পুরনো অভিষেক-ঐশ্বর্যার রসায়ন যেন ফিরে এসেছে। তাঁদের একে অপরের দিকে তাকানোর ভঙ্গি দেখে আবেগপ্রবণও হয়েছেন অনেকে।
১৯৯৯-২০০০ সালের একটি ফটোশুটের সূত্রে অভিষেক-ঐশ্বর্যার পরিচয়। পরে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। ‘উমরাও জান’, ‘গুরু’ আর ‘ধুম ২’-তে কাজ করতে করতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এরপর ২০০৭ সালে ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। ওই বছরই ২০ এপ্রিল মুম্বইয়ে বচ্চন পরিবারের বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তাঁরা। ২০১১ সালে জন্ম হয় মেয়ে আরাধ্যার।
গত কয়েক বছর ধরে তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা শোনা গেলেও, বারবার একসঙ্গে প্রকাশ্যে এসে সেই জল্পনায় ইতি টেনেছেন তাঁরা। এবারও তার ব্যতিক্রম হল না।