ওঙ্কার ডেস্ক: আর কয়েক দিন পর সারা দেশ মেতে উঠবে সাধারণতন্ত্র দিবস উদযাপনে। কিন্তু তার আগে দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার সতর্কতা গোয়েন্দাদের। পাক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতে হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং পাঞ্জাবের গ্যাংস্টারদের সহায়তায় হামলার পরিকল্পনা করা হচ্ছে।
গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বুধবার দিল্লিতে নিরাপত্তা বাহিনী হাই অ্যালার্টে রয়েছে। সূত্রের খবর, হামলার সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘২৬-২৬’। নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে জানানো হয়েছে, জঙ্গিরা অযোধ্যার রাম মন্দির, জম্মুর রঘুনাথ মন্দির এবং অন্যান্য মন্দির ও শহরকে টার্গেট করতে পারে। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে দিল্লির লাল কেল্লার বাইরে গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। যাতে মৃত্যু হয় ১৫ জনের। যে ঘটনার পিছনে হাত ছিল জইশ ই মহম্মদের।
সাধারণতন্ত্র দিবস উদযাপনের আগে দিল্লি এবং রাজধানী অঞ্চল জুড়ে ওয়ান্টেড ব্যক্তিদের উল্লেখ করে পোস্টার লাগানো হয়েছে। বিশেষ করে বাস স্ট্যান্ড ও রেল স্টেশনের প্রবেশ/প্রস্থান গেটগুলিতে এই পোস্টার লাগানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন দিল্লির চৌহান বাঙ্গারের বাসিন্দা মহম্মদ রেহান। উত্তর প্রদেশের সম্ভালে আল-কায়েদার একটি মডিউল ধরা পড়ার পর ২০১৬ সালে গা ঢাকা দেয় রেহান। তালিকায় থাকা বাকিদের মধ্যে রয়েছে মহম্মদ উমর, আবু সুফিয়ান, মহম্মদ শাহিদ ফয়সাল, সৈয়দ আরশিয়া এবং শারজিল আখতার। প্রসঙ্গত, প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের আগে দেশজুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। এ বছরও প্রটোকল মেনে নিরাপত্তা সংস্থাগুলো নজরদারি জোরদার করেছে।
