স্পোর্টস ডেস্ক : রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রত্যাশিতভাবেই অন্ধ্রকে হারিয়ে দিল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে ম্যাচের শেষ দিন চা বিরতির অনেক আগেই অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দল জয় ছিনিয়ে নিল ইনিংস ও ৯০ রানে।
অন্ধ্র দ্বিতীয় ইনিংসে ৭২.২ ওভারে ২৪৪ রানের বেশি তুলতে পারেনি। চোটের কারণে ব্যাট করতে নামেননি কেএস ভরত। ২৪ ওভারে তিন উইকেটে ৬৪, এই পরিস্থিতি থেকে আজ খেলা শুরু করে প্রথম সেশনেই তিন উইকেট হারায় অন্ধ্র।
শাহবাজ আহমেদের বলে তাঁরই হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরা নীতীশ কুমার রেড্ডি ১৪৪ বলে সর্বাধিক ৯০ রান করেন। ত্রিপুরাণা বিজয় ৪৬, অধিনায়ক রিকি ভুঁই ৩০ ও কালিদিন্ডি রাজু ২৫ রান করেন।
শাহবাজ তিনটি মেডেন-সহ ২৪ ওভারে ৭২ রান খরচ করে চার উইকেট নেন। সুরজ সিন্ধু জয়সওয়াল ২টি এবং আকাশ দীপ, সুমন্ত গুপ্ত ও অনুষ্টুপ মজুমদার একটি করে উইকেট দখল করেন। ম্যাচের সেরার পুরস্কার পেলেন সুদীপ কুমার ঘরামি। ১৫ ফেব্রুয়ারি থেকে কল্যাণীতেই সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে বাংলা। এবারের রঞ্জিতে বাংলা অপরাজেয়। ফাইনালে ওঠার দ্বৈরথেও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক অভিমন্যু।
